দেশকন্ঠ অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফটিকছড়ির পাইন্দং পেলাঘাজী দিঘীসংলগ্ন সিঅ্যান্ডবি মাঠে নবনির্মিত হেলিপ্যাড এবং এর আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর আগমনের সার্বিক ব্যবস্থাপনা ও প্রটোকল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুরো এলাকায় একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রতিটি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছি, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রীর সঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে, আগামী ৯ আগস্ট বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। হেলিপ্যাড নির্মাণ ছাড়াও প্রধানমন্ত্রীর যাতায়াতের রাস্তা সংস্কার এবং জনসভার স্থান নির্বাচনসহ যাবতীয় প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর এই আগমনে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
দেশকন্ঠ/এআর