• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:০৮    ঢাকা সময়: ০২:০৮

ডব্লিউএইচও’র প্রধান পদে প্রার্থী ঘোষণা চীনের

দেশকন্ঠ  অনলাইন  : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান পদে বৃহস্পতিবার একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে চীন। চলতি বছর যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার পর এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটিতে বেইজিংয়ের প্রভাব আরও বাড়তে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, বেইজিং মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ সং লিকে ডব্লিউএইচও’র শীর্ষ পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি বলেন, এই মনোনয়ন ‘বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি চীনের দৃঢ় সমর্থনের প্রমাণ। এটি ‘সমগ্র মানবজাতির স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে সংস্থাটিকে আরও সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে।’
 
বর্তমান মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিসুসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন সং লি। টেড্রোসের মেয়াদ ২০২৭ সালের আগস্টে শেষ হবে। দুই মেয়াদের সীমা থাকায় টেড্রোস আর প্রার্থী হতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সং লি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নারী ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান। তার কর্মজীবন ২১  বছরের।
 
নারী ও শিশুদের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়নের কাজে তিনি অংশ নিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে প্রসবপূর্ব রোগ নির্ণয় এবং সহায়ক প্রজনন প্রযুক্তি-সংক্রান্ত আইনও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহার করে নেন। এর পর সংস্থাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে বেইজিংয়ের জন্য এই মনোনয়ন একটি সুযোগ তৈরি করেছে।
দেশকন্ঠ/এআর
 
 
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।