• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:৩০    ঢাকা সময়: ০৩:৩০

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকল ১০০ টন কাঁচা মরিচ

দেশকন্ঠ  অনলাইন : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম চালানে ১০ ট্রাকে করে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ ছিল। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।
 
আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমদানিকারকেরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।
 
আমদানিকারকেরা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে তাঁদের জানানো হয়েছে।
 
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১৫ দিন আগেও জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কয়েক দফা দাম বেড়ে বর্তমানে তা ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে।এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
 
সাতক্ষীরা শহরের কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে দাম কমতে শুরু করবে বলে আশা করছি। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।
 
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল আরো বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।