• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১২    ঢাকা সময়: ০১:১২

চবির ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

  • শিক্ষা       
  • ০৮ আগস্ট, ২০২৬       
  • ১০
  •       
  • ২২:৫৫:১৪

দেশকন্ঠ  অনলাইন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে।৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক ভবনের (প্রশাসনিক ভবন) উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
 
সভায় উপাচার্য বলেন, চবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রশাসন শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমের আধুনিকায়নে কাজ করছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) ও অভিন্ন সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে।
 
ড. মোহাম্মদ আল্-ফোরকান জানান, ২০২৫-২৬ অর্থবছরে চবি গবেষণা সেলের মাধ্যমে শিক্ষকদের গবেষণা অনুদান খাতে ১০ কোটি টাকা, এমফিলসহ অন্যান্য খাতে ৬৭ লাখ টাকা এবং পিএইচডি ও মাস্টার্স থিসিসে অর্থায়ন অব্যাহত রয়েছে। আগামী অর্থবছরের জন্য গবেষণা অনুদান বাবদ ইউজিসির কাছে ২৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে আরও দুটি উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে বলে জানান উপাচার্য। 
 
এসব প্রকল্পের আওতায় ১০টি আবাসিক হল, বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আবাসিক হল, একাডেমিক ভবন, ব্লু-ইকোনমি রিসার্চ সেন্টার, কেন্দ্রীয় জাদুঘর, গ্রন্থাগারের দ্বিতীয় ভবন, স্টেডিয়াম, সুইমিং পুল, আধুনিক গবেষণাগার, ৫০ শয্যার হাসপাতাল, ডে-কেয়ার সেন্টার, ওয়াকওয়ে, ফুড কোর্ট ও ওয়েট মার্কেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. মোহাম্মদ আল্-ফোরকান।
 
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। সভায় উপাচার্যের বক্তব্য ও বাজেটের ওপর আলোচনা করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। এছাড়া সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ সিনেটের অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।