• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৩    ঢাকা সময়: ০০:৪৩

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

  • বিনোদন       
  • ১৪ অক্টোবর, ২০২৬       
  • ৪
  •       
  • ২৩:০৬:৫০

দেশকন্ঠ অনলাইন : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার দীর্ঘদিন ক্যামেরার আড়ালে ছিলেন। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অভূতপূর্ব সাফল্যের পর একরকম অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। মাঝে শারীরিক অসুস্থতা এবং ওজন বেড়ে যাওয়ার কারণে অভিনয়ের আঙিনা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এ অভিনেত্রী।
 
‘শ্রীময়ী’ ধারাবাহিকে গোয়েন্দা গিন্নী চরিত্রে সবার নয়নের মণি ছিলেন ইন্দ্রানী হালদার। ছোটপর্দার দর্শকদের মনের মণিকোঠায় গেঁথে রয়েছে তার অভিনীত চরিত্র। লম্বা সময় পর সম্প্রতি আবারও টিভির পর্দায় ফিরেছেন ইন্দ্রানী হালদার। 
 
সব জল্পনাকে তুড়ি মেরে ওজন ঝরিয়ে সম্পূর্ণ নতুন ও তন্বী রূপে আত্মপ্রকাশ করেছেন এ অভিনেত্রী। বিভিন্ন ইভেন্টে তার উপস্থিতি নিয়মিত নজর কাড়লেও অবশেষে সব ভক্ত-অনুরাগীর অপেক্ষার অবসান ঘটিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরলেন তিনি।
 
মেগা সিরিয়ালে না হলেও সান বাংলা চ্যানেলের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর। পায়েল দে সঞ্চালিত এই শোর এক বিশেষ পর্বে হাজির হবেন তিনি। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেবীপক্ষের বিশেষ আমেজে দেবী মহিষাসুরমর্দিনীর অবতারে ধরা দিয়েছেন ইন্দ্রানী হালদার। 
 
পর্দায় আবার অভিনেত্রীর এই তেজস্বী ও ঐশ্বরিক রূপ দেখে নস্টালজিক হয়ে পড়েছেন তার লাখ লাখ ভক্ত-অনুরাগী। তবে কোন দিন এই বিশেষ পর্ব দেখা যাবে তা এখনো ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।
 
সান বাংলার এই বিশেষ পর্বে যোগ দিয়ে দর্শকদের মন জয় করলেও মেগা সিরিয়ালে ফেরা নিয়ে নিজের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন ইন্দ্রানী হালদার, এ মুহূর্তে মেগা সিরিয়ালে অভিনয় করার কোনো পরিকল্পনা তার নেই। বরং ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাই এখন তার মূল ফোকাস!
 
তবে সিরিয়ালে অভিনয় না করলেও ছোটপর্দায় নন-ফিকশন শো কিংবা রিয়েলিটি শো সঞ্চালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন ইন্দ্রানী হালদার। প্রিয় অভিনেত্রীকে আবার সান বাংলার মাধ্যমে পর্দায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত বিনোদনপ্রেমীরা। 
 
প্রসঙ্গত প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচার করা হয় 'লাখ টাকার লক্ষ্মী লাভ'। প্রথম দুটি সিজনে সঞ্চালক হিসেবে দেখা মিলেছিল সুদীপ্তা চক্রবর্তীর। এবার সেই গুরুদায়িত্ব রয়েছে পায়েলের কাঁধে।
দেশকন্ঠ/এআর 
 
 
 
 
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।