• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৪৯    ঢাকা সময়: ০১:৪৯

সুপার ওভারে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

  • ক্রীড়া       
  • ১৯ অক্টোবর, ২০২৬       
  • ২
  •       
  • ০০:৫২:৪২

দেশকন্ঠ  অনলাইন :  আফগানিস্তানের ছুড়ে দেওয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ টাই করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর সুপার ওভারের রোমাঞ্চে শেষ হাসি হেসেছে বাংলাদেশের যুবারা। রুবাই ইসলাম রিজনের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।১৯ অক্টোবর ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৮ উইকেটে সমান ৩০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। দুই দলের লড়াইয়ে মোট রান হয় ৬০৮। নির্ধারিত ৫০ ওভারের লড়াই টাই হওয়ার পর ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে।
 
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে রিজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে আফগানিস্তান। তাতেই রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালারজাই। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। ফারিদুল্লাহ ইহসাসের ৫১ এবং তাহির সারওয়ারির ৪৩ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় আফগানরা। শেষ দিকে আমির হামজার ১১ বলে ২১ রানও দলকে তিনশ পেরোতে সাহায্য করে।
 
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবাই ইসলাম রিজন। ৭২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এসকে জারিফ সিয়াম পান দুটি উইকেট। আল আমিন হোসেন ও শাকিল খান নেন একটি করে উইকেট। ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি যোগ করেন ৭০ রান। জারিফ ২২ রান করে ফিরলেও আবদুল্লাহ করেন ৫০। এরপর আলামিন হোসেন রনির ব্যাটে জয়ের আশা জোরালো হয়। ৫৬ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা।
 
আহসান আল মুমিনের ৫৬ রানও বাংলাদেশকে এগিয়ে রাখে। ৬৬ বলে পাঁচটি চারে সাজানো তাঁর ইনিংস থামে দলীয় ২৩৯ রানে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক ফরিদ হাসান, রবিউল ইসলাম অনিক ও শাকিল খান দ্রুত ফিরে গেলে জয়ের সমীকরণ কঠিন হয়ে ওঠে। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান রুবাই ইসলাম রিজন। নয় নম্বরে নেমে মাত্র ১৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে শেখ আতিউর রহমান অপরাজিত থাকেন ৩ রানে। শেষ ওভারে ১৪ রান তুলে ম্যাচ টাই করে বাংলাদেশ। এরপর সুপার ওভারে রিজনের বোলিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।