• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৫৪    ঢাকা সময়: ২৩:৫৪

ভাগ্যহত রাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দিল দুম্বা পালন

দেশকন্ঠ  অনলাইন: মহিষের খামার করে ভালোই চলছিল রাকিবের সংসার। কিন্তু ভাগ্য যেন পরিহাস করলো। মস্তিষ্কে রক্তক্ষরণে শরীরের বাম পাশ অবশ হয়ে গেল। বন্ধ হয়ে গেল দীর্ঘদিনের মহিষের খামার। অসুস্থ শরীর নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তাই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি রাকিবুল ইসলাম। বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে এক জোড়া দুম্বা কিনে গড়ে তোলেন ছোট্ট একটি খামার। সেই খামারই এখন তাকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
 
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ২ নম্বর বহলবাড়িয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম (৩৬)। চাকরি কিংবা বিদেশে যাওয়ার পেছনে না ছুটে প্রায় ১০ বছর আগে মহিষ পালন শুরু করেছিলেন তিনি। মহিষ পালন ভালোই চলছিল। কিন্তু ২০২৩ সালের মার্চে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে বাঁ পাশ অবশ হয়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও আগের মতো পরিশ্রম করা সম্ভব হচ্ছিল না। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় মহিষ পালন।
 
এ অবস্থায় তুলনামূলক কম পরিশ্রমে আয় করার বিকল্প পথ খুঁজতে থাকেন। এক বড় ভাইয়ের মাধ্যমে নাটোরের একটি দুম্বার খামারের সন্ধান পান। সেখানে গিয়ে খামার ব্যবস্থাপনা ও দুম্বা পালনের পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। তারপরেই একটি দুম্বা ও একটি দুম্বী কিনে বাড়িতে শুরু করেন নতুন যাত্রা। রাকিবুল ইসলাম বলেন, অসুস্থ শরীর নিয়ে খুবই চিন্তায় ছিলাম। মহিষ বিক্রির টাকা দিয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু  করেছিলাম। সেই পুঁজি হারানোর ভয়ও ছিল। এক পরিচিত বড় ভাই নাটোরের একটি দুম্বার খামারের সন্ধান দেন। সেখানে গিয়ে খামারটি দেখি। কীভাবে পালন করতে হয়, সবকিছু বুঝে দুটি দুম্বা নিয়ে আসি। সেখান থেকেই শুরু। ২০২৪ সালের শুরুতে দুটি দুম্বা দিয়ে যাত্রা শুরু করে তার খামারে এখন ছোট-বড় মিলিয়ে ১৫টি দুম্বা রয়েছে। ইতোমধ্যে ছয়টি বড় দুম্বা বিক্রি করেছেন ১২ লাখ টাকায়। প্রতিটি বাচ্চা দুম্বার সম্ভাব্য বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। আর পূর্ণবয়স্ক দুম্বা বিক্রি হচ্ছে দুই থেকে তিন লাখ টাকায়।
 
রাকিবুল জানান, দুম্বা পালনের খরচ তুলনামূলকভাবে কম। দেশি গবাদিপশুর মতো দুম্বাও কাঁচা ঘাস, খড়, ভুসি, ছোলাসহ সব ধরনের খাবার খায়। খাবারের জন্য আলাদা বড় আয়োজন করতে হয় না। পুষ্টির জন্য মাঝে মধ্যে ভিটামিন দেওয়া হয়। দুম্বা প্রতিবছর দুবার বাচ্চা দেয়। বাচ্চাগুলো ঘাস খাওয়ার উপযোগী হলেই প্রায় এক লাখ টাকায় বিক্রি করা যায়। বড় দুম্বার দাম দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। তিনি  ইতোমধ্যেই ছয়টি বড় দুম্বা ১২ লাখ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে খামারে থাকা ১৫টি দুম্বার মধ্যে তিনটি অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। বাচ্চা দেওয়ার পরও মা দুম্বার দুধ সংগ্রহ করা যায়।
 
খামারের পরিচর্যাকারী সুজন হাসান বলেন, দেশি ছাগল ও ভেড়া যে খাবার খায়, সেগুলোই দুম্বাকে দেওয়া হয়। খুব বেশি খাবার লাগে না। সকালে ঘরের খাবার দেওয়ার পর বাইরে ঘাস খেতে ছেড়ে দেওয়া হয়। বিকেলে পানি ও সামান্য আনুষঙ্গিক খাবার দিলেই চলে। মাসে দুইবার গোসল করাতে হয়। পাশাপাশি খামারের ঘর পরিষ্কার রাখতে হয়।
রাকিবের প্রতিবেশী মাওলানা ইমরান হাসান বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণে শরীরের এক পাশ অবশ হয়ে গেলেও দমে যাননি রাকিবুল। দুম্বার খামার করে নিজের উপার্জনের পথ তৈরি করেছেন। তার এই উদ্যোগ প্রমাণ করে, মনোবল ও ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানো সম্ভব।
 
মিরপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহিল কাফি বলেন, স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে দুম্বা পালন করে লাভবান হওয়া সম্ভব। রাকিবুলের খামার তার একটি দৃষ্টান্ত। বেকার তরুণ ও উদ্যোক্তারা বিদেশে যাওয়ার পেছনে অর্থ ব্যয় না করে দেশে বিনিয়োগ করে এ ধরনের খামার গড়ে তুলতে পারেন। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় দুম্বা পালন লাভজনক হতে পারে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।