• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৯:৪৬    ঢাকা সময়: ০৫:৪৬

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 
দেশকন্ঠ অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’১৬ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
 
শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।
 
বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন। সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।