• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১২    ঢাকা সময়: ০১:১২

শতাংশ হারে বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও ভাতা

দেশকন্ঠ  অনলাইন : শিক্ষকদের বাড়িভাড়া ও ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে  শিক্ষা মন্ত্রণালয়। পূজার ছুটি শেষে আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়িভাড়া ও ভাতা দিতে প্রস্তাবের ফাইল প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা করে এ প্রস্তাব দেবে।

দুটি ফাইলেই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুমোদন দিয়েছেন। এখন সেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। দুর্গাপূজার দুদিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব পাঠানো হবে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা তাদের মূল বেতনের ওপর শতাংশ হারে পাঠানো হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার রয়েছে চার ধরনের; সেগুলো হলো- ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। কত শতাংশ হারে দেওয়া সম্ভব হবে, তা অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে। অর্থ মন্ত্রণালয় যেটি অনুমোদন করবে, সেটিই কার্যকর করা হবে।

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার তাদের বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু শিক্ষকরা এ প্রস্তাবের বিরোধিতা করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানান।

ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা দাবি বাস্তবায়নে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন তারা।এর আগেই সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।