দেশকন্ঠ অনলাইন : ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল ও ভক্ত-অনুরাগীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। দুপুর ২টার দিকে যখন বাউলরা একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন, তখনই একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘কথিত তৌহিদী জনতা’ হিসেবে পরিচয় দিয়ে বাউলদের ওপর চড়াও হয় এবং মারধর করে। হামলার পরপরই বাউলরা ছত্রভঙ্গ হয়ে যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসি বলেন, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচি ছিল। যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল; কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের নিরাপত্তা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।