দেশকন্ঠ অনলাইন : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন- মধ্যম শুল্লকিয়া গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. হাছান উদ্দিন, মো. সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন এবং এমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন। তারা সবাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিত শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে নতুন চর ৫০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে কিনে নিতে হতো বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ভূমিহীনদের জলদস্যুদের কাছ থেকে কোনো টাকা দিয়ে জমি না কেনার আহ্বান জানান।তিনি বলেন, সরকারি বন্দোবস্ত হলে ভূমিহীনদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে মো. হাছান উদ্দিনের ওপর হামলা চালানো হয়। শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে দা দিয়ে পিঠ ও বুকে কুপিয়ে জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। এ সময় এমদাদ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে গেলে রাজিব উদ্দিনও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সন্ত্রাস ও সহিংসতার কোনো স্থান নেই। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে হাসপাতালে কথা বলেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।