• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৮:০৭    ঢাকা সময়: ১৮:০৭

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : চসিক মেয়র

  • শিক্ষা       
  • ১৯ জানুয়ারি, ২০২৬       
  • ১১৭
  •       
  • ২২:৪৮:০১

দেশকন্ঠ  অনলাইন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। চট্টগ্রামকে একটি আধুনিক, মানবিক ও শিক্ষাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র শিক্ষাবৃত্তির মতো উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।আজ বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেয়র শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। এসময় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের মাধ্যমে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার পথ সুগম করেছিলেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে ‘নতুন কুঁড়ি’র মতো প্রতিযোগিতামূলক উদ্যোগ চালু করে একটি প্রগতিশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলেছিলেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ‘চসিক মেয়র মেধাবৃত্তি’ চালু করা হয়। এই বৃত্তি কার্যক্রমটি শহীদ জিয়াকে উৎসর্গ করা হয়। মেয়র আরও বলেন, এই শিক্ষাবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় চসিক পরিচালিত ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর ১২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ২৬০২ জন শিক্ষার্থী। ১৪ জানুয়ারি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীকে দেওয়া হয় একটি নতুন ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট, ট্যালেন্টপুল প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম গ্রেড প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং সাধারণ গ্রেড প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ ৪ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। সবমিলিয়ে ১০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে ও সমন্বয়ক আবু মোশাররফ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নছরুল কদির, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভীক ওসমান। স্বাগত বক্তব্য রাখেন মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা পর্ষদের যুগ্ম আহ্বায়ক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।