• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:০১    ঢাকা সময়: ১৬:০১

ফরিদপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮ বাড়িঘর ভাঙচুর

দেশকন্ঠ  অনলাইন : ফরিদপুরের সালথা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুব্বর এবং প্রতিপক্ষ ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।এদিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মাপার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে জমি পরিমাপের একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

তর্কবিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের প্রায় ২০০ থেকে ৩০০ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উত্তেজিত সমর্থকরা স্থানীয় বাসিন্দা মেহেদী মুন্সী, মিন্টু মুন্সী, সেলিম মুন্সী, হালিম মীর, মান্দার শেখ, মিজান, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আব্বাস মাতুব্বর, তমিজদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।