• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:০১    ঢাকা সময়: ১৬:০১

জিআই সনদ পেল ঐতিহ্যের প্রতীক ঝিটকার হাজারী গুড়

দেশকন্ঠ  অনলাইন : অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার হাজারী গুড়। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় তার অনন্য স্বাদ, মনমাতানো সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে দেশব্যাপী সমাদৃত। প্রায় দুই শতকের ঐতিহ্য বহনকারী এ পণ্যের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
 
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথও ঝিটকার হাজারী গুড়ের স্বাদ গ্রহণ করে এর ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই থেকেই আন্তর্জাতিক অঙ্গনেও এই গুড়ের পরিচিতি আরও বিস্তৃত হয়। মানিকগঞ্জের ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে সরকারিভাবে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে ঝিটকার হাজারী গুড়।
 
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) হাজারী গুড়ের জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার ঐকান্তিক প্রচেষ্টায় সরকার মানিকগঞ্জের হাজারী গুড়কে ভৌগোলিক নির্দেশক নিবন্ধন সনদ প্রদান করেছে।
 
নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের হাজারী গুড় পণ্যটি জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করছেন, জিআই সনদ কেবল একটি স্বীকৃতিই নয়, বরং মানিকগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় কারিগরদের দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি। এই সনদের ফলে দেশীয় বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং বিদেশে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।
 
এছাড়া জিআই স্বীকৃতি পাওয়ায় হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা স্থানীয় উৎপাদক, খেজুর গাছের রস সংগ্রহকারী ও ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
এক সময়ের গ্রামীণ জনপদের একটি ঐতিহ্যবাহী খাদ্যপণ্য আজ জাতীয় পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতির পথে নতুন মাইলফলক স্পর্শ করল। জিআই সনদ প্রাপ্তির মধ্য দিয়ে ঝিটকার হাজারী গুড় এখন শুধু মানিকগঞ্জের নয়, বাংলাদেশের গর্বের এক অনন্য সম্পদ হিসেবে নতুন পরিচয়ে বিশ্ব দরবারে এগিয়ে যাওয়ার সুযোগ পেল।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।