• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৭:১৯    ঢাকা সময়: ০৩:১৯

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

দেশকন্ঠ  অনলাইন : পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরো সহজ করতে একটি নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে পর্যটকেরা একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের অংশ হিসেবে পর্যটন ভিসা পেয়ে যাবেন, যার মধ্যে বিমান টিকিট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ সেবা অন্তর্ভুক্ত থাকবে। খবর গালফ নিউজ
 
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নির্বাচিত কয়েকটি দেশের পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগটি চালু করা হচ্ছে। এই নতুন প্যাকেজ ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একটিমাত্র সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
 
এই প্যাকেজের মধ্যে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা আবাসন সুবিধা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকতে পারে। দর্শনার্থীরা তাদের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কর্মকাণ্ড এবং আকর্ষণীয় স্থান পরিদর্শনের মতো বিষয়গুলোও যুক্ত করতে পারবেন।
 
এই সেবা চালুর ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল এবং ভিসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও ঝামেলা অনেকটাই কমে আসবে। শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪/৭ গ্রাহক সেবা প্রদানে সক্ষম অনুমোদিত ট্রাভেল এজেন্টরাই এই সেবা দিতে পারবে।
 
এই প্যাকেজ ভিসা সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অধীনে পর্যটন খাতকে আরও প্রসারিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
 
সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এই উদ্যোগটি দর্শনার্থীদের জন্য আরো মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার নতুন পদক্ষেপ। তার মতে, ‘প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পরবর্তী ধাপে পা রাখছি। আমাদের ভ্রমণ ও পর্যটন অংশীদারদের ক্ষমতায়ন করছি, দর্শনার্থীদের জন্য যাত্রা সহজ করছি এবং সৌদি আরবকে উপভোগ করার একটি স্মার্ট ও আরো নির্বিঘ্ন উপায় তৈরি করছি।’
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।