দেশকন্ঠ অনলাইন : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ আগস্ট) থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। রাজধানীর সঙ্গে সরাসরি এই রেল যোগাযোগ স্থাপনকে কেন্দ্র করে স্বস্তি ফিরতে যাচ্ছে গোপালগঞ্জবাসীর মধ্যে।
বর্তমান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয়দের মতে, এই সেবা কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যোগ করবে নতুন গতি।
জানা গেছে, রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর এক সময়ের স্বপ্নের দাবি- যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এই জেলার বাসিন্দাদের। নতুন এই ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা।
কেবলমাত্র নিরবচ্ছিন্ন যাতায়াতই নয়, রাজধানীর সঙ্গে এই সরাসরি সংযোগকে কেন্দ্র করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। শুধু গোপালগঞ্জ নয়, এই রুটের পার্শবর্তী জেলা নড়াইল, পিরোজপুর ও বাগেরহাটের মানুষও পাবেন এই সেবার সুফল।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট দুপুর ৩টা ৩০ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। একই দিন ফিরতি ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হবে এবং রাজধানীতে পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।
এই উপলক্ষে কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেল স্টেশনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
দেশকন্ঠ/এআর