দেশকন্ঠ অনলাইন : বিনোদন দুনিয়ার তারকাদের কাছে মর্যাদার প্রতীক ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে গড়ে উঠেছে এই বিখ্যাত স্থান।বিশ্বের খ্যাতনামা তারকাদের সম্মানে সেখানে বসানো হয়েছে বিশেষ তারকা-চিহ্ন, যেখানে খোদাই করা রয়েছে তাঁদের নাম।
এবার সেই বিখ্যাত ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে নিজের প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই ভ্রমণের অংশ হিসেবেই ঘুরে দেখেছেন হলিউডের এই ঐতিহাসিক স্থান।‘ওয়াক অব ফেম’-এ গিয়ে অনেক তারকার নাম চোখে পড়লেও সাফার অপেক্ষা ছিল বিশেষ একজনের জন্য। তিনি পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন। প্রিয় এই শিল্পীর নাম খুঁজতেই যেন পুরো জায়গাটি ঘুরে দেখছিলেন অভিনেত্রী।
২২ আগস্ট নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে। মুখে ছিল উচ্ছ্বাস আর চোখে-মুখে ধরা পড়েছে বিশেষ মুহূর্তের আনন্দ।সেই অনুভূতি প্রকাশ করে সাফা লেখেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল।
এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’
এদিকে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় বেশ খানিকটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসবকেন্দ্রিক আয়োজনে মাঝেমধ্যে নাটকে হাজির হন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তাঁর অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো নাটক বা ওয়েবভিত্তিক কাজের ঘোষণা এখনো সামনে আসেনি।অভিনয়ে ব্যস্ততা কিছুটা কমিয়ে বর্তমানে ভ্রমণ ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। আর সেই ভ্রমণের স্মৃতিতে এবার যুক্ত হলো হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ প্রিয় তারকা মাইকেল জ্যাকসনের নামের পাশে কাটানো একটি বিশেষ মুহূর্ত।
দেশকন্ঠ/এআর