দেশকন্ঠ অনলাইন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীজুড়ে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। ২৫ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ডিবি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা গোয়েন্দা কার্যক্রম ও অপারেশনাল দায়িত্বে নিয়োজিত থাকবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। এসব স্থানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপি জানায়, স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট থানা পুলিশের মোবাইল টিম র্যালির সামনে ও পেছনে অবস্থান করবে।সংস্থাটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
দেশকন্ঠ/এআর