• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৪১    ঢাকা সময়: ০১:৪১

সেই ২ অক্টোবরেই আসছে অজয়ের ‘দৃশ্যম ৩’

  • বিনোদন       
  • ২৪ আগস্ট, ২০২৬       
  •       
  • ০০:০৮:১২

দেশকন্ঠ  অনলাইন : ‘দৃশ্যম’ মানেই রহস্য, টানটান উত্তেজনা আর একটি বিশেষ তারিখ—২ অক্টোবর। সিরিজের প্রথম কিস্তির গল্পে যে তারিখটি হয়ে উঠেছিল পুরো রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এবার সেই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে তৃতীয় কিস্তির মুক্তির জন্য।
 
দুই সফল সিনেমার পর এবার পর্দায় ফিরছে অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ সিরিজের তৃতীয় অধ্যায়। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির নতুন পোস্টার, যা ঘিরে দর্শকদের কৌতূহল আরো বেড়েছে।
 
২৪ আগস্ট  প্রকাশিত পোস্টারে দেখা গেছে অজয় দেবগণের একটি চোখ। রহস্যে মোড়ানো সেই দৃষ্টিই যেন ইঙ্গিত দিচ্ছে বিজয় সালগাঁওকারের জীবনে লুকিয়ে থাকা নতুন প্রশ্ন, রহস্য ও নাটকীয় মোড়ের।
 
পোস্টার প্রকাশ করে অজয় লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’পোস্টারেও উঠে এসেছে বিজয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন—‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’
 
ফলে ধারণা করা হচ্ছে, আগের দুই কিস্তির মতো এবারও নিজের পরিবারকে রক্ষা করাই বিজয় সালগাঁওকারের প্রধান লক্ষ্য হয়ে থাকবে। সত্য, মিথ্যা আর পরিবারের নিরাপত্তাকে ঘিরে আবারও জটিল এক খেলায় নামতে পারেন তিনি।
 
এর আগে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিক অবস্থার কিছুটা আভাস মিলেছিল। সেখানে বছরের পর বছর ধরে তাঁকে নিয়ে মানুষের দেওয়া নানা পরিচয় ও মন্তব্যের কথা বলতে শোনা যায়। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে বিজয়ের কাছে তাঁর পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন বার্তাই উঠে আসে টিজারে।
 
মালয়ালম সিনেমার হিন্দি রিমেক হিসেবে নির্মিত ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’ দর্শক ও বক্স অফিস—দুই ক্ষেত্রেই ব্যাপক সাফল্য পেয়েছিল। বিশেষ করে বিজয় সালগাঁওকার চরিত্রে অজয় দেবগণের অভিনয় দর্শকদের মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করে।
 
অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে রয়েছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরো অনেকে।
 
দুই কিস্তিতে দীর্ঘদিন ধরে নিজের পরিবারকে ঘিরে তৈরি হওয়া রহস্য সামলে এসেছেন বিজয় সালগাঁওকার। এবার ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’-এ সেই গল্পের শেষ পরিণতি কী হতে যাচ্ছে, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল। আর সবকিছুর উত্তর মিলবে সেই বহুল আলোচিত তারিখেই—২ অক্টোবর। চলতি বছরের এই দিনেই মুক্তি পাবে ছবিটি।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।