• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৯:২৭    ঢাকা সময়: ১৯:২৭
জাতিসংঘ সাধারণ পরিষদের তাৎপর্য

রোহিঙ্গা-অভিবাসন ইস্যুতে খলিলুর-কুক বৈঠক

দর্পণ কবীর, নিউ ইর্য়ক
 
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশনে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই সংকট মোকাবেলায় যুক্তরাজ্য সরকারের অব্যাহত সহায়তা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় অভিবাসন সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। বৈঠকটি বহুপক্ষীয় কূটনীতি, মানবিক সহায়তা ও অভিবাসন ইস্যুতে ঢাকা ও লন্ডনের মধ্যকার শক্তিশালী সম্পর্কের প্রতিফলন ঘটায়।
 
২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে বসতে যাওয়া বৈশ্বিক এই মহাসম্মেলন পরিচালনা করবেন লাল-সবুজের প্রতিনিধি।
 
এদিকে বিশ্ব কূটনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু জাতিসংঘ সাধারণ পরিষদের সভা বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বনেতাদের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা একই স্থানে সমবেত হয়ে বৈশ্বিক সমস্যা ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার সুযোগ পান বলে কূটনীতিকরা এই অধিবেশন কে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে মানবিক বিপর্যয় ও যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে যে সংস্থার যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে ১৯৩টি সদস্য দেশ নিয়ে তা বৈশ্বিক শান্তি ও সহায়তার সবচেয়ে বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
 
জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের মধ্যে সাধারণ পরিষদ একমাত্র শাখা, যেখানে প্রতিটি সদস্য রাষ্ট্রের সমান অধিকার ও প্রতিনিধিত্ব রয়েছে। এ পরিষদে ছোট-বড় সব দেশের ভোটের মান সমান। সাধারণ পরিষদ থেকেই জাতিসংঘের বার্ষিক বাজেট অনুমোদন, নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য নির্বাচন এবং নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে মহাসচিব নিয়োগ দেওয়া হয়। ব্রাজিল ঐতিহ্যগতভাবে এই সভার সূচনা বক্তব্য প্রদান করে আসছে এবং জাতিসংঘের দাপ্তরিক ছয়টি ভাষার যেকোনো একটিতে প্রতিনিধিরা বক্তব্য রাখতে পারেন। নির্ধারিত ১৫ মিনিটের বক্তব্যের নিয়ম থাকলেও ১৯৬০ সালে কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর দেওয়া সাড়ে চার ঘণ্টার ভাষণ এখনও ইতিহাসের দীর্ঘতম ভাষণের রেকর্ড হয়ে আছে। সব মিলিয়ে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সাধারণ পরিষদের এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।