• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:০৬    ঢাকা সময়: ০০:০৬

ইয়েমেনের দাবি : একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

দেশকন্ঠ  অনলাইন : বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। গত ২৪ ঘণ্টায় হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানো হয়েছে এবং এতে সশস্ত্র গোষ্ঠীটির আনুমানিক ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সামাজিকযোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিমান ও গোলন্দাজ বাহিনীর ব্যাপক সহায়তায় তাইজে শহরে হুতিকে পিছু হটতে বাধ্য করেছে সরকারি সেনারা।
 
সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতির ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গোষ্ঠীটির সেনা সমাবেশ, রসদ ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং সরবরাহ রুট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, স্থলভিত্তিক গোলন্দাজ বাহিনী, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। এতে হুতির গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
 
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশেও গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষ্য, এসব অভিযানের মাধ্যমে হুতির চলাচল সীমিত করা হয়েছে, যাতে তারা পুনরায় সংগঠিত হতে কিংবা অতিরিক্ত সেনা মোতায়েন করতে না পারে।পশ্চিম উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও হুতির অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। আল-নুজাইলি বলেন, সেখানে হুতিদের সেনা সমাবেশের এলাকা ও গোলাবর্ষণের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরো দাবি করেন, সর্বশেষ অভিযানে হুতিদের ৫৫৮ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে মাঠপর্যায়ের কমান্ডাররাও রয়েছেন। বেসামরিক মানুষের নিরাপত্তা ও অবকাঠামো সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আল-নুজাইলি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।