দেশকন্ঠ অনলাইন : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়। সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৪২ কোটি টাকা। এটি এ পর্যন্ত উদ্ধার হওয়ায় সর্ববৃহৎ ইয়াবা চালান।৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচগেট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ দিন বিকেল ৫টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য জানান। তবে আটকদের নাম জানাননি তিনি।
৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহ ধরে ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে— এমন সংবাদে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরো জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাচারে সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা নতুন কৌশল অবলম্বন করে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির সুইচগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, পরে নৌকাটিতে তল্লাশি করলে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে খুলে ১৪০টি কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা রয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে।
দেশকন্ঠ/এআর