• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২০:১৭    ঢাকা সময়: ০৬:১৭

কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

দেশকন্ঠ  অনলাইন : কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর  রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।
 
তারা উন্নত দেশগুলোর প্রতি নতুন ও বহু বছর মেয়াদি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য সব ধরনের অর্থায়ন অনুদান হিসেবে দিতে হবে, ঋণ হিসেবে নয়।তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সঙ্গে সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্বনেতাদের সামনে কৃষি ও কৃষকের অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে ছয় দফা দাবি জানানো ছিল এর মূল উদ্দেশ্য।
 
শামসুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারী অধিকারকর্মী লিপিকা ইয়াসমিন, শিক্ষার্থী মোমিনুল ইসলাম, কৃষক আব্দুল হান্নান এবং ডিওপিএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সুবল মুখার্জি।স্বাগত বক্তব্যে ডিওপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্তী বলেন, খাদ্যনিরাপত্তা ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় প্রয়োজনীয় অর্থায়ন অবশ্যই শর্তহীন হতে হবে। এ অর্থায়নে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বা ঋণের কোনো সুযোগ থাকা উচিত নয়।
 
তিনি সরকারের কাছেও কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও মৎস্যজীবীদের কৃষক পরিচয়পত্র, শস্যবিমা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরা তীব্র সংকটের মুখে পড়েছেন। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই। তারপরও এ সংকটের সবচেয়ে বড় বোঝা তাদেরই বহন করতে হচ্ছে।
 
নারী অধিকারকর্মী লিপিকা ইয়াসমিন তার বক্তব্যে স্থানীয় সমস্যার সমাধান এবং কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রংপুরকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি অঞ্চল’ (এগ্রিকালচারাল জোন) হিসেবে ঘোষণা করার দাবি জানান।তিনি বলেন, কপ৩১ সম্মেলনের প্রথম সপ্তাহে যে অগ্রগতি হয়েছে, তা কৃষকদের জন্য অত্যন্ত হতাশাজনক।
 
‘কার্বন ব্রিফ’-এর একটি বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বার্ষিক প্রায় ৪০ বিলিয়ন ডলার থেকে কমে ১১ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এ অর্থায়নের পরিমাণ প্রায় ৭১ শতাংশ কমেছে।এছাড়া অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি আলোচ্যসূচিতেই অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসেও খাদ্য ও কৃষি খাতের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা আর্থিক প্রতিশ্রুতি ঘোষণা করা হয়নি।
 
তিনি আরও বলেন, সম্মেলনে বাংলাদেশের জন্য ৩০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেওয়া হলেও তা দেশের জলবায়ু পরিবর্তনজনিত বার্ষিক ক্ষতির মাত্র ০ দশমিক ২ শতাংশ পূরণ করবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার।লিপিকা ইয়াসমিন বলেন, ‘কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় জীবাশ্ম জ্বালানি ও ঋণ- উভয়কেই না বলতে হবে। এর পরিবর্তে খাদ্যনিরাপত্তা ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।