দেশকন্ঠ অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘পতিত, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এ জন্য এই মুহূর্তে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির একমঞ্চে দাঁড়ানো প্রয়োজন।’বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এই সংসদ ও সরকার যখন আলোচনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছে, ঠিক সে সময় পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’ফ্যাসিস্টদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় বলে, চোর না শোনে ধর্মের কাহিনি। তা আবারও প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনোই পরিবর্তন হবে না। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি।’
লন্ডনে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুদিন আগে নাহিদ ইসলামকে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এর আগেও এনসিপির নেতারা যখন আমেরিকায় গেছেন, আমরা দেখেছি তারা কী আচরণ করেছে। শুধু তাই নয়, ইতালিতে আমাদের এক নারী শিল্পীর ওপর তারা বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল। সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের মানুষকে হত্যার জন্য তালিকা প্রস্তুতেরও নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, তারা মূলত কোনো রাজনৈতিক দল নয়; তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা তা প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য সে কারণেই পরিষ্কার ও স্পষ্ট। দেশপ্রেমিক জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রিয় জনগণ ২০২৪ সালের গণঅভ্যুত্থানও এ জন্য ঘটায়নি।’তিনি সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই একমঞ্চে দাঁড়াই।’ তারেক রহমান বলেন, ‘তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলতে হবে, যে আওয়াজ তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী বলেছিলেন—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
সংসদ সদস্যদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম, সেই অপশক্তিকে, সেই তাঁবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। তার আগেই তাদের বিষদাঁত ভেঙে দেবে।’তিনি বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যাশা রাখতে চাই, ২০২৪ সালে আমরা যেভাবে পতিত, পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, আবারও সেই চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের সঙ্গে নেই; বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।তিনি বলেন, ‘আপনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন।লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছিল।’
প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সংসদের সমাপনী অধিবেশনে রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা বক্তব্য দেন।
সংসদ নেতা তাঁর বক্তব্যের শুরুতে চতুর্থ অধিবেশন কার্যকর করতে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।তিনি বলেন, ‘এই অধিবেশনে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমবেশি একমত হয়েছি, আবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারিনি।
আলোচনা-সমালোচনা, মতপার্থক্য ও ভিন্নমত থাকবেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের এটাই বৈশিষ্ট্য। তবে দেশ ও জনগণের স্বার্থে আমরা সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। এভাবেই আমরা বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত এই সংসদকে ধীরে ধীরে সফল করে তুলব। কারণ, এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো মানুষের রক্তের ওপর। বহু আত্মত্যাগের বিনিময়ে আমরা এই গণতান্ত্রিক জাতীয় সংসদ পেয়েছি।’
১২ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে সম্মাননা প্রদানসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।এ ছাড়া বিদেশে কর্মসংস্থান, বন্ধ কলকারখানার কয়েকটি পুনরায় চালু, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশে অর্থায়নের সুযোগ এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন।
দেশকন্ঠ/এআর