• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৯:৫৫    ঢাকা সময়: ১৯:৫৫

অতিবৃষ্টিতে বিপাকে তিস্তা পাড়ের বাদামচাষিরা

দেশকন্ঠ অনলাইন : কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা পাড়ের চাষীরা বাদাম নিয়ে বিপাকে পড়েছে। তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ও অতি বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের বাদাম ক্ষেত। এসব বাদাম জমি থেকে তুলে আনলেও রোদ না থাকায় শুকানো যাচ্ছে না। এতে খরচের টাকা পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে বলে জানান কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ৩৬৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে।

সরেজমিন উপজেলার চর মহিপুর, পূর্ব ইচলি, চর ইচলি, চর ইশোরকুল শংকরদহ, ছালাপাক, আলফাজটারী, শেখপাড়া, চিলাখালসহ কয়েকটি চরাঞ্চল ঘুরে দেখা যায়, রোদ না থাকার কারণে পানিতে তলিয়ে থাকা বাদামগুলো গাছ থেকে ছাড়িয়ে রাস্তার ধারে পলিথিনে বিছিয়ে রেখেছে। আবার অনেকে বাদাম গাছ থেকে ছাড়াতে না পেরে স্তূপ করে রেখেছে। উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলি চরে পানি থেকে বাদাম তুলছেন চাষী মজিবর রহমান (৫৫)। তিনি বলেন, এবছর প্রায় ১০০ শতক জমিত বাদাম চাষ করছি। সউগ পানিত তলে গেইছে। এভাবে তো রাখা যায়না এ পানি কবে কমবে। তাই তুলে নিচ্ছি।

চর ইশোরকুল এলাকার বাদাম চাষী আফতাবুল (৪৫) বলেন, ৫০ শতক মাটির (জমি) বাদাম সউগ পানিত ডুবি গেসলো। উপায় না পেয়ে পানি থেকে বাদাম তুলে নিছি। রইদ (রোদ) ও নাই শুকবার (শুকানো) পাইচোল না। গাছোত ভাল করি এবার বাদাম ধরে নাই। তার উপর যেএকনায় (যেটুকু) ধরছে তায়ো যদি শুকবারো (শুকানো) না পাই তাইলে (তাহলে) একবারে লস। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আগাম অতি বৃষ্টি ও তিস্তা নদীর পানি বৃদ্ধিতে উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিক‚লে তাই নিমজ্জিত জমি হতে পানি অপসারণসহ রোগবালাই দমনের জন্য কৃষি বিভাগ হতে কারিগরি পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।