• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:১৮    ঢাকা সময়: ০৯:১৮

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু

দেশকন্ঠ  অনলাইন : বছরের পুরোনো দুঃখ-কষ্টকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিষু উৎসব। একই সঙ্গে ফুল ভাসানোর এই আয়োজনের মাধ্যমে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবেরও সূচনা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন-সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে সেজে তরুণ-তরুণীরা সবার মঙ্গল কামনায় কলাপাতায় ভক্তি-শ্রদ্ধাভরে গঙ্গাদেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করেন।  বিষু উৎসবে ফুলবিষু, মূলবিষু ও নয়া বছর মোট তিন দিন নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী। 

সূর্যোদয়ের আগেই সাঙ্গু নদীর তীরে ফুল ভাসাতে শত শত তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণী, বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় জমে। গঙ্গাদেবীর পূজা শেষে সকাল থেকে ঘরে ঘরে ২০ থেকে ৩০ ধরনের সবজি দিয়ে তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী পাঁজন। নতুন পোশাক পরিধান করে একে অপরের বাসায় পাঁজন খেতে যাচ্ছেন প্রত্যেকে।

রোববার সকাল ৮টায় আলীকদম সেনা জোন-সংলগ্ন মাতামুহুরী ব্রিজ এলাকায় বিষু-বিজু উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে মাতামুহুরী নদীতে ফুল ভাসানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলীকদম ভারত মোহনপাড়া উৎসব কমিটির আহ্বায়ক দিপু তঞ্চঙ্গ্যা জানান, ‘আজ গঙ্গা মায়ের উদ্দেশ্যে বিগত বছরের দুঃখ-কষ্ট ভুলে এবং বিশ্বশান্তি কামনায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আমাদের বিষু উৎসবের সূচনা হয়েছে।’

এদিকে সোমবার (১৩ এপ্রিল) থেকে জেলার মার্মা সম্প্রদায় জেলা শহরের রাজার মাঠ ও সাঙ্গু নদীর চরে পৃথক দুটি কমিটির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে জলকেলিতে মেতে ওঠার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদ্‌যাপনের সদস্যসচিব অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রতিবছরের মতো এবারও বিষু উৎসব পালনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে আমরা উৎসব শুরু করেছি। আশা করি, উৎসব সুন্দরভাবে শেষ হবে।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।