দেশকন্ঠ অনলাইন : বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও মানসিকভাবে অপমান করার ঘটনায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই বরখাস্ত কার্যকর হবে।
জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী বিদ্যালয় চত্বরে থাকা গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় তাদের প্রত্যেককে চারটি করে বেত্রাঘাত করা হয়। পরে শিক্ষার্থীদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের বারান্দায় ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে।
এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে শিক্ষা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন আরও জানান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি নিজেও বুধবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।
তিনি বলেন, প্রধান শিক্ষক গোল সাহানারা শিক্ষার্থীদের বেত্রাঘাত করা এবং জুতার মালা ও ‘আমচোর’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় উপপরিচালক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।এদিকে, শিশু শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।