• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১২:১৬    ঢাকা সময়: ২২:১৬

দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

দেশকন্ঠ  অনলাইন : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো মঙ্গলবার তার দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন। এর এক বছর আগে তিনি তার সাবেক শ্বশুর ও প্রয়াত স্বৈরশাসক সুহার্তোকেও এ সম্মান দিয়েছিলেন। সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও তাকে এ মর্যাদা দেয়া হয়। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতীয় বীর দিবস উপলক্ষে জারি করা এক ডিক্রিতে প্রবোওর পিতামহ মারগোনো জোজোহাদিকুসুমোকে জাতীয় বীরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টসহ দেশটির ২০০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি, নারী অধিকারকর্মী ও স্বাধীনতা আন্দোলনের নেতাও রয়েছেন।
 
মরণোত্তর জাতীয় বীরের মর্যাদার জন্য একটি কমিটি প্রার্থীদের নাম প্রস্তাব করে। পরে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন।এই সম্মানের সঙ্গে পরিবারের জন্য বার্ষিক প্রায় ৫ কোটি ইন্দোনেশিয়ান রুপি (প্রায় ২,৭৭০ মার্কিন ডলার) ভাতা প্রদান করা হয়। ১৮৯৪ সালে জন্ম নেওয়া মারগোনো এমন একটি কমিটির সদস্য ছিলেন যা জাপানি ঔপনিবেশিক শাসন থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল।
 
তিনি ব্যাংক নেগারা ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৪৫ সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতার পর এটিই ছিল দেশটির প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক। এই ব্যাংক দেশটির প্রথম সরকারি মুদ্রাও চালু করে। ১০নভেম্বরের ডিক্রিতে মারগোনোকে ‘রাজনীতি ও অর্থনীতির একজন জাতীয় বীর’ হিসেবে অভিহিত করা হয় এবং তিনি ‘স্বাধীনতার সংগ্রামে অসাধারণ অবদান রেখেছিলেন’ বলে উল্লেখ করা হয়।
 
এর আগে গত বছর মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে সাবেক স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দেন প্রবোও। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে মারা যান সুহার্তো। তিনি ছিলেন প্রবোওর সাবেক স্ত্রীর বাবা।১৯৬৭ সালে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করার পর সুহার্তো তিন দশকেরও বেশি সময় ধরে কঠোর হাতে ইন্দোনেশিয়া শাসন করেছিলেন। তার শাসনকাল দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক ভিন্নমতের ওপর দমনপীড়নের জন্য কলঙ্কিত ছিল।সুহার্তোর জাতীয় বীরের মর্যাদাকে চ্যালেঞ্জ করে কর্মী ও এনজিওগুলো জাকার্তার একটি আদালতে মামলা দায়ের করেছে। এ বিষয়ে এখনও কোনো রায় দেওয়া হয়নি।
দেশকন্ঠ/এআর
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।