• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫২    ঢাকা সময়: ০১:৫২

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

  • ক্রীড়া       
  • ১৭ অক্টোবর, ২০২৬       
  • ২
  •       
  • ২৩:৪২:২০

দেশকন্ঠ  অনলাইন :  ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের চোট নিয়ে। মাথায় আঘাত পাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
 
ম্যাচ শেষে চেলসি কোচ জাবি আলোনসো জানান, মাঠ ছাড়ার সময় ৩৪ বছর বয়সী এই গোলকিপারের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেজ। বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করার সময় এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে তাঁর মাথায় সংঘর্ষ হয়।
 
এরপর দুজনই মাঠে চিকিৎসা নেন। ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়। চেলসির চিকিৎসক দল ও প্যারামেডিকরা মাঠেই তাঁর চিকিৎসা করেন। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ম্যাচের ৭৫ মিনিটে মার্তিনেজের পরিবর্তে ২১ বছর বয়সী গোলকিপার মাইক পেন্ডার্সকে মাঠে নামান চেলসি। তাঁর চিকিৎসার জন্য খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিট যোগ করেন রেফারি।
 
মার্তিনেজের চোটের দুশ্চিন্তার মধ্যেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। পেদ্রো নেতোর দুই গোলে এভারটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে দলটি। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। এমির জন্য খারাপ লাগছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তাঁর জন্য।’এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।