দেশকন্ঠ অনলাইন : ‘খেলাধুলার অস্কার’ খ্যাত মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবার দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের দুটি শীর্ষ পুরস্কারই নিজেদের করে নিয়েছেন টেনিস কোর্টের তারকারা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের মুকুট পরেছেন আরিনা সাবালেঙ্কা। অন্যদিকে, বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে।
সোমবার স্পেনের মাদ্রিদের সিবেলেস প্যালেসে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে দারুণ সময় কাটানো ২২ বছর বয়সী আলকারাজ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন। উচ্ছ্বসিত আলকারাজ বলেন, ‘যাঁরা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’
অন্যদিকে, গত বছর ইউএস ওপেন জয়ী নারীদের শীর্ষ বাছাই সাবালেঙ্কাও প্রথমবারের মতো লরিয়াস পুরস্কার জিতেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা সেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’
বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে বেশ খুশি ইয়ামাল। তিনি বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই, আমার পরিবারকে—আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা এবং সেই দলকে, যারা সব সময় আমাকে সমর্থন দেয়।’এরপর লিওনেল মেসিকে স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কি না, জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন। তিনি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে।’
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।